প্রাইভেট থেকে ফেরার পথে মারমা কিশোরী গণধর্ষণের শিকার, খাগড়াছড়িতে বিক্ষোভ

 


খাগড়াছড়ির সিঙ্গিনালায় প্রাইভেট থেকে ফেরার পথে এক মারমা স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে তার স্বজনেরা জানিয়েছেন। গতকাল রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা আজ ভোরে জেলার সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল রাত ৯টার দিকে প্রাইভেট থেকে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়।

ওই কিশোরীর বাবা গণমাধ্যমকে বলেন, তাঁর মেয়ে প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত আর রাত ৯টায় বাসায় ফিরত। এটাই ছিল নিয়মিত রুটিন। তবে গতকাল ৯টার দিকে না ফেরায় তাঁরা ওই শিক্ষকের বাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন অন্যদিনের সময়সূচি অনুযায়ী প্রাইভেট ছুটি হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আশপাশের এলাকায় খুঁজতে থাকেন তাঁরা। একপর্যায়ের রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ফসলের খেতে পাওয়া যায়।

অচেতন অবস্থায় পাওয়ার পর ওই কিশোরীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় আজ বুধবার সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেজুম্ম ছাত্র-জনতা বিক্ষোভে দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। আসামিরা গ্রেপ্তার না হলে আগামীকাল বৃহস্পতিবার জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ডোমিনিক সাংমা

 


ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডোমিনিক মেগাম সাংমা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। মেঘালয় মনিটর ডটকমের খবর।  

ডোমিনিক সাংমা Rimdogittanga (Rapture) সিনেমা নির্মাণের জন্য পুরস্কার পান। এই পুরস্কারটি তিনি মেঘালয়বাসী বিশেষত গারো হিলসের মানুষদের জন্য উৎসর্গ করেছেন। তিনি মনে করেন, তাঁর এই অর্জন আরো তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সিনেমা নির্মাণে উৎসাহিত করবে।

র‌্যাপচার সিনেমাটি মেঘালয়ের গারো জনগোষ্ঠীর ঐতিহ্যের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমায় তাঁর গল্প বলার ধরণ বেশ প্রশংসা অর্জন করেছে। ডোমিনিক সাংমার এই অর্জন একটি মাইলফলক এবং সিনেমার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের আদিবাসী জাতিগোষ্ঠীর আখ্যান বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্জনে ডোমিনিক সাংমা তাঁর টিমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। তিনি এই পুরস্কারকেতার অনন্য কণ্ঠস্বর এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রমাণবলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ডোমিনিকের কাজ আদিবাসী জীবনের চিত্র প্রতিফলিত করার সাথে সাথে দর্শকদের মুগ্ধ করে চলেছে।

এছাড়াও রাজ্যজুড়ে আন্তরিক অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই র‌্যাপচারকে সাংস্কৃতিক বিজয় এবং গারো হিলসের জন্য গর্বের মুহুর্ত হিসেবে আখ্যায়িত করছেন।

চাকসুর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ১০ জন আদিবাসী প্রার্থী

 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ১১ জন আদিবাসী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই ১১ জন ছাড়াও আরো ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের মধ্যে ২১ জনই নারী প্রার্থী। যেখানে সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে জন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক . . কে. এম. আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আদিবাসী প্রার্থীদের মধ্যে রয়েছেননবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা।

এছাড়াও রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে অ্যাকাউন্টিং বিভাগের খিং খিং ছেন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা, বাংলা বিভাগের প্রমিতা চাকমা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিপ্রা তঞ্চঙ্গ্যা।

প্রীতিলতা হল সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের অন্তরা চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

চাকসুর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।

কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সুপেয় পানির সংকট, পর্যটকদের উৎপাতে ঠিকমত ব্যবহার করা যাচ্ছে না ঝর্ণার পানি

 


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত চারটি পাহাড়ি গ্রামে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণত সেখানকার আদিবাসী পরিবারগুলোকে সুপেয় পানির চাহিদা মেটাতে পাহাড়ি ঝর্ণা কিংবা ছড়ার উপর নির্ভর করতে হয়। কিন্তু সম্প্রতি পর্যটকদের কারণে ঝর্ণার পানি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তারা। পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো প্রতিকার হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর টিলায় গারো ও হাজং জনগোষ্ঠীর বসবাস। টিলার মধ্যবর্তী স্থানে প্রবাহিত দৃষ্টিনন্দন রাজাই ঝর্ণাকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে দেখেন আদিবাসী জাতিগোষ্ঠীর লোকজন। এই ঝর্ণার পানি দিয়েই স্থানীয়রা খাবার পানিসহ গৃহস্থালি কাজ সম্পন্ন করেন।

জানা যায়, চাঁনপুর টিলার মতো ইউনিয়নের সীমান্তবর্তী ৪টি গ্রামে গারো, হাজং, খাসিয়া জনগোষ্ঠীর অন্তত তিন শতাধিক পরিবারের পানির প্রধান উৎস পাহাড় থেকে আসা বিভিন্ন ঝর্ণা বা ছড়া। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি। সবার পক্ষে নলকূপ বসানো সম্ভব হয় না। তাই পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির ওপর।

সাম্প্রতিক সময়ে ঝর্ণাগুলো পর্যটকদের কাছে পরিচিতি পাওয়ায় ঝর্ণার পানি ব্যবহারে বিপত্তি দেখা দিয়েছে আদিবাসীদের।  

এস্টন নামের খাসিয়া জনগোষ্ঠীর একজন বলেন, ‘সীমান্তবর্তী গ্রামগুলোর সুপেয় পানির সমস্যা প্রধান। দিন দিন এই সমস্যা প্রকট আকার ধারণ করছে। এই সমস্যার সমাধান কবে হবে আমরা জানি না।’

তিনি আরও বলেন, ‘পর্যটকদের অবাধ বিচরণে পাহাড়ি আদিবাসী নারীদের গোসল থেকে শুরু করে ধোয়ামুছার কাজ করতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পর্যটকরা আমোদ-ফূর্তি করে ঝর্ণার পানি নোংরা করে ফেলায় তা ব্যবহারে উপযোগিতা হারাচ্ছে। তাছাড়া পর্যটকদের ছবি ও ভিডিও ধারণের ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আদিবাসী নারীরা।’

সালমা সাংমা নামের গারো জনগোষ্ঠীর একজন বলেন, ‘পর্যটকদের কারণে আমরা ঠিকমতো পানি ব্যবহার করতে পারছিনা। তারা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝর্ণা এলাকায় অবস্থান করে। আমরা নিষেধ করলেও তারা শুনতে চায় না।’

তিনি আরও বলেন, ‘আমরা ঝর্ণার পানি দিয়ে গোসল করি। কিন্তু পর্যটকরা আমাদের নানাভাবে বিরক্ত করে। তারা আমাদের ছবি ও ভিডিও তুলে টিকটকে ছেড়ে দেয়। এদিকে বর্ষা কিংবা বৃষ্টির মৌসুমে প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা পূরণ হলেও বিপত্তি হয় শুকনো মৌসুমে।’

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক এন্ড্রো সলোমার বলেন, ‘আমরা আদিবাসীরা পানি সমস্যার কথা অনেকদিন ধরে বলে আসছি। কিন্তু কাজের কাজ হচ্ছে না। আমরা চাই পর্যটকদের জন্য সঠিক গাইডলাইন আর আদিবাসীদের সুপেয় পানির সুব্যবস্থা। আশা করি কর্তৃপক্ষ সমস্যা সমাধান করবেন।’

এদিকে আদিবাসীদের সুপেয় পানির সমস্যার স্থায়ী সমাধানে সরকারিভাবে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘আদিবাসীদের এই ইস্যুটি খুবই সংবেদনশীল। দ্রুতই এর সমাধান করা হবে।’

© all rights reserved - Janajatir Kantho