উচ্ছেদ বন্ধে পাহাড়িয়া গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি

 


রাজশাহীর মোল্লাপাড়ার উচ্ছেদ আতঙ্কে থাকা পাহাড়িয়া আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। রবিবার ( সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ডের মোল্লাপাড়াস্থ আদিবাসী পাহাড়িয়া গ্রাম সরেজমিন পরিদর্শনকালে দাবি জানান তারা।

এসময় নাগরিক সমাজের পক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, ব্লাস্টের প্রধান কার্যালয়ের প্রতিনিধি মিনহাজুল কাদির গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল পাহাড়িয়া জনগোষ্ঠীর উচ্ছেদ আতঙ্কগ্রস্ত মানুষের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করেন।

প্রতিনিধি দলের সদস্যরা পাহাড়িয়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একইসাথে আদিবাসী পাহাড়িয়াদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি ভূমিদস্যু সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি তুলেন তারা।

জাকির হোসেন বলেন, ‘সাজ্জাদ আলী নাকি ১৯৯৪ সালে এই জমি কিনেছেন, আগে তো তিনি দাবি করেননি। হঠাৎ করে কেন? আমাদের কথা হচ্ছে, মানবিক দৃষ্টিতে দেখতে হবে। কেউ একজন এসে মালিকানা দাবি করবেন, এটা হয় না। আমাদের মনে হচ্ছে, যিনি দাবি করছেন, তিনি আসল মালিক নন। যিনি আসল মালিক ছিলেন, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাজ্জাদ কী করে এত দিন পর এসে দাবি করেন? আসল মালিক যদি জমি ছেড়ে চলে যান, তাহলে এটা সরকারি হবে। এটার পাশে বড় সরকারি রাস্তা আছে। এখন প্রভাবশালীর চোখ পড়েছে। আমরা চাই, এদের নামে জমিটা রেকর্ড করে দেওয়া হোক।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীপায়ন খীসা বলেন, পরিবারগুলো স্বাধীনতার পর থেকেই এখানে আছে। কেউ তাদের উচ্ছেদ করেনি। কয়েক দিন আগে এক ব্যক্তি খাসি খাইয়ে তাদের বিদায় জানাচ্ছেন। এটা নিয়ে আন্দোলন গড়ে উঠেছে। তাঁরা সংহতি জানাতে এসেছেন। যেখানে স্বাধীনতার পর কেউ তাদের উচ্ছেদ করেনি, এখন এসে কেন তাদের উচ্ছেদ করতে হবে? দ্রুত ভূমিদস্যুকে গ্রেপ্তার করতে হবে। এখানে ছোট একটা পুলিশ ফাঁড়ি হতে পারে, যাতে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 

দিনাজপুর জেলা জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন

 


জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব হলরুমে সংগঠনটির জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।   

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বাসন্তী মুর্মুর সভাপতিত্বে শিবলাল টুডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি বিচিত্রা তির্কী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু ধরংপুর, বাসদ দিনাজপুর জেলা সমন্বয়ক কিবরিয়া হোসেন প্রমুখ।

বর্ধিত সভায় দিনাজপুর জেলার সকল উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন

সভায় বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন মন্ত্রনালয় গঠন করতে হবে। কান্তনগর মোড়ে তেভাগা সিধু-কানুর মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে। সারা দেশে আদিবাসী উপর সকল ধরণের নির্যাতন বন্ধ, ভূমি দখল, হত্যার সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

পরে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে শিবানী উরাও, সাধারণ সম্পাদক হিসেবে শিবলাল টুডু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাণী হাঁসদা নির্বাচিত হন। গঠিত কমিটির মেয়াদ তিন বছর। 

© all rights reserved - Janajatir Kantho