সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী রাঙ্গামাটির দীপেন দেওয়ান

 


সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছেন রাঙ্গামাটি-২৯৯ নম্বর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনি এক লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে পরাজিত করেন। পোস্টাল কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি আসনে মোট ভোটার পাঁচ লাখ হাজার ২৬৭ জন। এরমধ্যে দুই লাখ ৭৪ হাজার ১৮ ভোট পড়েছে। বাতিলকৃত ভোটের সংখ্যা ১০ হাজার ১৫২ এবং বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৮৬৬। ৫৪ দশমিক শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেন, তৃণমূল মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমানের ওপর সঁপে দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের আচরণও সেই রকম হতে হবে। আমাদের এই জয় একটি চ্যালেঞ্জিং জয়। এই বিজয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে হবে।

রাঙ্গামাটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, দীপেন দেওয়ানের সততা, নিষ্ঠা দলের প্রতি তার ত্যাগ, ধৈর্য সবকিছুর কারণসহ তারেক রহমানেরসবার আগে দেশএই মন্ত্রে উজ্জীবিত হয়ে রাঙ্গামাটির মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভের জন্য আমি দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী মর্যাদায় পার্বত্য মন্ত্রী করার দাবি জানাচ্ছি।

 

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল আদিবাসী যুবকের

 


খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাসী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় ত্রিপুরা (২৫) নামের একজন আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয় ত্রিপুরা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়া এলাকার বাসিন্দা কৃপাচার্য ত্রিপুরার ছেলে। একই মোটরসাইকেলে থাকা হনেসা ত্রিপুরা (১৯) গুরুতর আহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার মনোহরি ত্রিপুরার ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কুবেন জয় ত্রিপুরা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত যুবককে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের মরদেহ মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর শান্তি পরিবহনের চালক ও সহকারী পলাতক। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

বেতকুড়িতে চারদিনব্যাপী জিবিসির বড়সভা শুরু

 


ময়মনসিংহের হালুয়াঘাটে গারো ব্যাপ্টিষ্ট কনভেনশনের (জিবিসি) ১৩৫তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে উপজেলার বেতকুড়ি বৈথেল হোম মিশন প্রাঙ্গণে এ সভা শুরু হয়।

সভার উদ্বোধন ঘোষণা করেন জিবিসির প্রেসিডেন্ট বরুণ কুমার দারিং। এরআগে গারোদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা দোমি পরিধান করে শিল্পীরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।

এবারের বড়সভার মূলসুর ‘প্রেমই শ্রেষ্ঠ’। মূলবচন ‘তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য; ‘তোমার প্রতিবেশীকে আপনার মত প্রেম করিবে’।

সভার প্রধান বক্তা মেমোরিয়াল ফাউন্ডেশনের সেক্রেটারি এস এন্ড ডি রেভারেন্ড ম্যাকডোনাল্ড মুনিয়া অধিকারী।

জিবিসির বার্ষিক এ সাধারণ সভা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চারদিনের সম্মেলনে বেশ কয়েকটি সেশন পরিচালনা হবে। সাধারণ সভা ছাড়াও থাকছে ভলিবল, সিইএস, উইমেন সোসাইটি, বিভাগ ভিত্তিক সংকীর্তন প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিবিসির সেক্রেটারি জেনারেল পাস্টার সুরঞ্জন ডিব্রা, ফাইনান্স ডিরেক্টর পাস্টার তড়িৎ মানখিন, মিশন বোর্ডের ডিরেক্টর রেভারেন্ড মধুনাথ সাংমা, এডুকেশন বোর্ডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ডিকন বিহার জাম্বিল, সিইএস এর প্রেসিডেন্ট ডিকন অনির্বান চাম্বুগং প্রমুখ।

© all rights reserved - Janajatir Kantho